নিট আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আটকদেরও মুক্তি দিতে হবে যদি তাঁদের অপরাধমূলক অতীত না থাকে।

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বে হওয়া ছাত্র আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, আন্দোলনে সামিল ছাত্রদের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ।

আদালত স্পষ্ট করেছে, FIR দায়ের করা যেতে পারে, তবে আপাতত কোনও গ্রেপ্তার বা কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। যাঁদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক অতীত নেই, তাঁদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তবে যাঁদের বিরুদ্ধে পূর্বে অপরাধের রেকর্ড রয়েছে, তাঁদের ক্ষেত্রে আদালত কোনও স্পষ্ট নির্দেশ দেয়নি।

প্রধান বিচারপতি সুর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানির সময় এই নির্দেশ আসে। একাধিক আবেদনকারীর অভিযোগ ছিল, দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে মহারাষ্ট্র, বিহার, গুজরাট, অসম, পশ্চিমবঙ্গ ও কেরালায় আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ, পেলেট গান, টিয়ার গ্যাস ও বৈদ্যুতিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তাঁদের দাবি, এটি সংবিধানের ১৪, ১৯, ২০ ও ২১ অনুচ্ছেদের লঙ্ঘন।

আদালতের এই নির্দেশে আন্দোলনকারীদের স্বস্তি মিলেছে। এখন নজর রাজ্য প্রশাসনের পদক্ষেপের দিকে, আটক ছাত্রদের মুক্তি এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের ভূমিকা কেমন হয়, সেটাই দেখার বিষয়। অবশ্য, ইতিমধ্যেই বিহার, অসম পড়ুয়াদের বিরুদ্ধে করা FIR তুলে নিয়েছে বলে খবর।

About The Author