কলকাতা: নিট প্রশ্নফাঁস কাণ্ডে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি শুরু থেকেই ছাত্রছাত্রীদের পাশে আছি। তাঁদের লড়াই শুধু ন্যায্য বিচার পাওয়ার জন্য নয়, বরং দেশের প্রতিটি তরুণের ভবিষ্যৎ রক্ষার জন্য।”
তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ আন্দোলনে দিল্লি পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে এবং পেলেট গান ব্যবহার করেছে। মমতার বক্তব্যে উঠে এসেছে, “শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পেয়ে কেন্দ্র সরকার যন্তর মন্তরের আশেপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে এবং এনএসএ প্রয়োগ করে ছাত্রদের আটক করেছে।”
মমতা প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বললেও সিবিআই জানিয়েছে ২০২৪ সালের নিট প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্তের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। তাঁর বক্তব্যে তীব্র আক্রমণ— “যাঁরা লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ধ্বংস করছে, তাঁদের যদি দায়মুক্তি দেওয়া হয়, তবে সরকার আসলে কাকে রক্ষা করছে? কেন শিক্ষামন্ত্রীকে বাঁচাতে এত মরিয়া?”
শেষে তিনি লেখেন, “পুরো বিরোধী শিবির এবং গোটা দেশ ছাত্রছাত্রীদের পাশে রয়েছে। আমি প্রতিটি তরুণ ভারতীয়কে স্যালুট জানাই তাঁদের সাহস, দৃঢ়তা এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের সামনে মাথা না নোয়ানোর জন্য।”

