‘আন্দোলনে নয়, পড়াশোনায় মন দিলেই ভালো নম্বর পাওয়া যায়’, অভূতপূর্ব সাফল্যের পর সংবাদমাধ্যমকে জানালেন নিটে দ্বিতীয় পানশুল।
- প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে না গিয়ে পড়াশোনায় মন দিয়েছিলেন ফরিদাবাদের পানশুল বানসাল। নিটে দ্বিতীয় স্থান অর্জন করে জানালেন সাফল্যের নেপথ্যের গল্প, বাড়ি বসে পড়লেই ভালো নম্বর পাওয়া যায়।
এনইইটি-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষায় সর্বভারতীয় দ্বিতীয় স্থান অর্জন করেছেন দিল্লির পানশুল বানসাল। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যখন হাজার হাজার পড়ুয়া রাস্তায় নেমেছিলেন, তখন তিনি আন্দোলনে না গিয়ে পড়াশোনায় মন দেন। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে পানশুল বলেন, “আন্দোলনে যাব কেন? বাড়ি বসে বই পড়লেই ভালো নম্বর পাওয়া যায়।”
মূল পরীক্ষার বাতিল হওয়ায় প্রথমে হতাশ হলেও পরে তিনি এটিকে সুযোগ হিসেবে দেখেন। পুনঃপরীক্ষায় ৭১৫ নম্বর পেয়ে ৯৯.৯৯৯৯ পার্সেন্টাইল অর্জন করেন। তাঁর দাবি, কোনও বিশেষ পরিবর্তন না এনে একই পড়াশোনার রুটিন মেনে চলেছেন, শুধু শেষ দেড় মাসে সর্বোচ্চ চেষ্টা করেছেন।
পানশুল জানান, মূল পরীক্ষায় তিনি ৭০৬ নম্বর পেয়েছিলেন। পুনঃপরীক্ষায় আরও ভালো ফল করার সংকল্পই তাঁকে এগিয়ে দিয়েছে। আন্দোলন প্রসঙ্গে তিনি মন্তব্য করতে চাননি, তবে স্পষ্ট জানিয়েছেন, নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে পড়াশোনাতেই মনোযোগী ছিলেন।

