শিশুদের ওপর নির্যাতন রুখতে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতা: বিধানসভায় দাঁড়িয়ে শিশু ও নারী নির্যাতন রুখতে পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন মামলায় এনকাউন্টারকে উদাহরণ টেনে তিনি জানান, ভবিষ্যতে এমন ঘটনায় চরম পদক্ষেপ নিতে নির্দেশের দরকার নেই।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ধর্ষণ বা নারী নির্যাতনের ঘটনায় পুলিশকে আর কোনও নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, “নির্দেশের দরকার নেই, যা করার করবেন।” বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্তকে এনকাউন্টার করে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে, সেটিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি।

শুভেন্দু জানান, আগামিদিনে রাজ্যে এমন কোনও নক্কারজনক ঘটনা ঘটলে পুলিশকে চরম পদক্ষেপ নিতে হবে এবং মুখ্যমন্ত্রী তাঁদের ঢাল হয়ে পাশে থাকবেন। কোনও মহিলার উপরে কিছু ঘটলে কারও নির্দেশের উপরে অপেক্ষা করবেন না। যা ইচ্ছা হয় করে দেবেন।

তিনি আরও বলেন, পূর্বতন সরকারের আমলে মাটিগাড়া, কামদুনি, হাঁসখালি, কাকদ্বীপ, ময়নাগুড়ি ও আর জি করের মতো একাধিক ঘটনায় নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছিল। সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন শুভেন্দু। নারী সুরক্ষায় ইতিমধ্যেই দুর্গারক্ষা স্কোয়াড, মহিলা থানা ও হেল্পলাইন চালু করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

তাঁর দাবি, এই সরকার নারী নির্যাতন রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এবং প্রয়োজনে আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত যাবে। নারী নির্যাতন সে শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ কিংবা শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মাধ্যমে কত দূর যেতে পারে তা দেখতে।

About The Author