গৃহিণীরাও দেশ গড়ে! প্রতি মাসে অন্তত ৩০ হাজার টাকার স্বীকৃতি সুপ্রিম কোর্টের

গৃহিণীদের ঘরের কাজ-কর্ম, সন্তান লালন-পালন, পরিবার পরিচালনা ইত্যাদি আর ‘বিনামূল্যের সেবা’ নয়! সবকিছুরই অর্থনৈতিক মূল্য রয়েছে। মাসে অন্তত ৩০ হাজার তো পেতেই পারেন!

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে গৃহিণীদের অবদানকে নতুনভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আদালত স্পষ্ট করেছে, গৃহিণীর কাজকে আর নিছক ‘বিনামূল্যের সেবা’ হিসেবে দেখা যাবে না। তাঁদের গৃহস্থালি শ্রম, সন্তান লালন-পালন, পরিবার পরিচালনা এবং সমাজ গঠনে ভূমিকা, সবকিছুরই অর্থনৈতিক মূল্য রয়েছে।

এই রায়ে বিচারপতি সঞ্জয় করোল ও এন. কে. সিং-এর বেঞ্চ গৃহিণীর গৃহস্থালি সেবার মূল্য প্রতি মাসে ৩০ হাজার টাকা নির্ধারণ করেছে। ফলে মোটরগাড়ি দুর্ঘটনায় গৃহিণীর মৃত্যু হলে ক্ষতিপূরণ নির্ধারণে এই মানদণ্ডকে বিবেচনায় নিতে হবে। আদালত আরও বলেছে, গৃহিণীদের কেবল রান্না বা ঘরদোর সামলানোর মধ্যে সীমাবদ্ধ করে দেখা যাবে না; তাঁরা আসলে জাতি গঠনের অংশীদার, প্রকৃত অর্থে রাষ্ট্র নির্মাতা।

কোন মামলায় এমন পর্যবেক্ষণ? 

এই রায় এসেছে একটি পুরনো মামলা থেকে, ২০০১ সালে পঞ্জাবে রেশমা নামের এক মহিলার সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। তাঁর পরিবার ক্ষতিপূরণের দাবি জানায়, যা বহু বছর ধরে ঝুলে ছিল। অবশেষে সুপ্রিম কোর্টে এসে এই মামলার মাধ্যমে গৃহিণীদের অবদানকে আইনি ও আর্থিক স্বীকৃতি দেওয়া হলো।

About The Author