১৫ বছর ধরে ৩৮ জনকে খুন করে তাঁদের দেহ খেয়ে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এই দাবি করেছেন।
সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী, ধৃতের নাম মুজুরিজি মোসেস। ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে উগান্ডার মাসাকা, ইবান্দা এবং কাজো জেলায় ওই হত্যাকাণ্ডগুলি ঘটেছে বলে অভিযোগ। সোমবার সন্ধ্যায় সমাজমাধ্যম এক্সে একটি পোস্ট করে গ্রেফতারির কথা জানান সেনাপ্রধান। তাঁর দাবি, অভিযুক্ত একাধিক মানুষকে খুন করার পাশাপাশি তাঁদের দেহও খেয়েছেন।
ওই পোস্টে ধৃতের প্রকাশ্যে বিচার করা হবে বলে জানান কাইনেরুগাবা। একই সঙ্গে তিনি অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন। তবে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এবং আদালতে অপরাধ প্রমাণিত হওয়া পৃথক বিষয়। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত কি না এবং শাস্তি কী হবে, তা বিচারপ্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।
উগান্ডার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঠিক কবে, কোথা থেকে বা কীভাবে মোসেসকে গ্রেফতার করা হয়েছে, সেনাপ্রধান সে তথ্য জানাননি। নিহতদের পরিচয় এবং তাঁদের মৃত্যুর পরিস্থিতি নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। অভিযুক্তের বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।
এর আগে উগান্ডায় একাধিক হত্যাকাণ্ডের তদন্তে একই রকম নামের অন্য এক সন্দেহভাজনের কথা সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে সেই ব্যক্তির সঙ্গে মুজুরিজি মোসেস একই ব্যক্তি কি না, তা নিশ্চিত নয়। এই মামলায় পুলিশ ও তদন্তকারী সংস্থার পরবর্তী বিবৃতি এবং আদালতের কার্যক্রমে আরও তথ্য জানা যেতে পারে।

