বিহার থেকে বাংলায় ধরে নিয়ে আসা হচ্ছে বাঘিনী, ছাড়া হবে বক্সার জঙ্গলে

বক্সা টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল বন দপ্তর। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে একটি তিন বছরের বাঘিনীকে সফলভাবে খাঁচাবন্দি করা হয়েছে।

ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এবং পশ্চিমবঙ্গ বন দপ্তরের যৌথ অভিযানে ঘুমপাড়ানি গুলির সাহায্যে তাকে আটক করা হয়।

গত কয়েকদিন ধরে বাল্মীকি টাইগার রিজার্ভের অরণ্যে চলছিল এই অভিযান। প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টি অভিযানে বাধা সৃষ্টি করলেও শেষ পর্যন্ত বনকর্মীরা সফল হন। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ সামাজিক মাধ্যমে এই খবর জানান।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে বাঘিনীটিকে হেলিকপ্টারে হাসিমারা এয়ারবেসে আনা হবে। সেখান থেকে বিশেষ নিরাপত্তা বলয় ও গ্রিন করিডোরের মাধ্যমে তাকে বক্সা টাইগার রিজার্ভে নিয়ে যাওয়া হবে।

বন বিশেষজ্ঞদের মতে, বক্সার জঙ্গলে বাঘের প্রজনন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

About The Author