তিনি নন্দীগ্রাম ছাড়ছেন না, ভবিষ্যতেও নন্দীগ্রামেরই ভোটার থাকবেন। উপনির্বাচনের প্রচারে গিয়ে এমনই আবেগঘন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে হরিপুরে সভা করতে গিয়ে তিনি স্পষ্ট বলেন, নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে তাঁর নাম কখনও কাটানো হবে না।
দু’টি বিধানসভা কেন্দ্র থেকে জয়ের পর কেন তিনি নন্দীগ্রামের বদলে ভবানীপুরকে বেছে নিলেন, সেই প্রশ্নেরও জবাব দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ভবানীপুর আসন ছেড়ে দিলে সেখানে ফের রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারত। তবে নন্দীগ্রামের মানুষের সঙ্গে তাঁর দু’দশকের সম্পর্ক অটুট থাকবে। তিনি বলেন, “ভারতমাকে সাক্ষী রেখে কথা দিয়ে গেলাম, ভোটার তালিকায় আমার নাম নন্দীগ্রামে ছিল, আছে এবং থাকবে।”
সভা থেকে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের অংশীদার হওয়ার আহ্বান জানিয়ে তিনি নন্দীগ্রামকে আগামী দু’বছরের মধ্যে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে প্রচার করতে গিয়ে তাঁর নিহত পুত্র চন্দ্রনাথ রথের প্রসঙ্গও তুলে আনেন এবং ঘটনার সিবিআই তদন্তের কথা উল্লেখ করেন।

