ধর্মান্তরণ ও জমি কেনাবেচায় কঠোর আইন আনার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে জানালেন, “আরও দুটো কাজ বাকি। ধর্মান্তরণ এবং জমি কেনাবেচায় বিধিনিষেধ সম্পর্কিত বিল আনব।”
ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি (UCC) সংক্রান্ত খসড়া বিল তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি সেই খসড়া খতিয়ে দেখছে। শুভেন্দুর দাবি, কিছু দিনের মধ্যেই ইউসিসি কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই অর্থ দিয়ে ধর্মান্তরণের চেষ্টা চলছে। গরিবদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তনের ধারা চলছে, যা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা সীমান্তে জমি দিয়েছি। ওবিসির অবৈধ তালিকা বাতিল করেছি। গোমাতার সম্মান করেছি। মহরমে তলোয়ার নিয়ে বার হতে দিইনি। কিছু দিনের মধ্যে আসছে UCC, ‘এক দেশ, এক মুখ্যমন্ত্রী, এক আইন’ আসবে। তার পরে আমাকে আরও দু’টি কাজ করতে হবে।”
বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, উত্তরাখণ্ডে ইতিমধ্যেই ধর্মান্তরণ বিরোধী আইন চালু হয়েছে। অসমেও হিমন্ত বিশ্বশর্মার সরকার ইউসিসির মধ্যে বিধিনিষেধের সংস্থান করেছে। এবার পশ্চিমবঙ্গেও সেই পথে হাঁটতে চলেছে শুভেন্দুর সরকার।
বিজেপির রাজনৈতিক প্রচারে ‘ল্যান্ড জিহাদ’ শব্দটি বারবার উঠে এসেছে। অভিযোগ, পরিকল্পিতভাবে বিশেষ ধর্মাবলম্বীরা জমি কিনে জনবিন্যাস বদল করছেন। গুজরাত ও অসমে এ নিয়ে সরকারি কড়াকড়ি রয়েছে। এবার বাংলাতেও তেমন আইন আসতে চলেছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

