পাহাড়ে হোমস্টে ব্যবসার বিজ্ঞাপনে ‘কুরুচিকর ছবি’, ক্ষুব্ধ ব্যবসায়ীমহল

শিলিগুড়ি: উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে হোমস্টে ব্যবসার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সৎভাবে পর্যটন ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন বহু মানুষ। কিন্তু সম্প্রতি দার্জিলিংয়ের অফবিট পর্যটন কেন্দ্র সিটং-এ হোমস্টে লিজের কয়েকটি ‘দৃষ্টিকটু’ বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়িয়েছে।

ইলিশ উৎসবের নাম করে মেয়েদের নিয়ে ‘কুরুচিকর ছবি’ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিজ্ঞাপন মেয়েদের পোশাক নিয়ে জোর আপত্তি উঠেছে। বিজ্ঞাপনের ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

তাঁদের অভিযোগ, ভ্রমণ সংক্রান্ত বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু কুরুচিকর ছবি ব্যবহার করে প্রচার করা পাহাড়ের ঐতিহ্যকে কলঙ্কিত করছে। গোয়ার সঙ্গে সিটং-এর তুলনা টেনে এমন বিজ্ঞাপন দেওয়া পাহাড়কে বদনাম করার সমান। তাই অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

ডুয়ার্সের দীর্ঘদিনের পর্যটন ব্যবসায়ী সায়ন চক্রবর্তী বলেন, “কিছুদিন ধরে নেট দুনিয়ায় হোমস্টে বিজ্ঞাপনের নামে যে আপত্তিকর ছবি দেওয়া হচ্ছে তা সত্যিই দৃষ্টিকটু। অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত।”

হোটেল ব্যবসায়ী মনোজিৎ চক্রবর্তী, গাড়ি ব্যবসায়ী ভাস্কর বাগচী এবং হোমস্টে লিজ মালিক অঙ্কন মাইতিও নিন্দায় সরব হয়েছেন। তাঁদের দাবি, এভাবে চলতে থাকলে পাহাড়ের ঐতিহ্য রক্ষা করা সম্ভব হবে না। মানুষের মনে পাহাড় সম্পর্কে ভিন্ন ধারণা জন্ম নেবে।

  • দার্জিলিংয়ের সিটং-এ হোমস্টে বিজ্ঞাপনে কুরুচিকর ছবি ভাইরাল। পাহাড়ের ঐতিহ্য নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করলেন উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা।

About The Author