কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে সপরিবারে নিহত বাংলাদেশের সাংবাদিক

তিন বছরের ছেলে ও শ্বশুরের চিকিৎসার জন্য পরিবারসহ ভারতে আসেন তিনি। বেঙ্গালুরুতে চিকিৎসা করিয়ে ১৮ অগস্ট কলকাতায় ফেরেন। সেখান থেকেই তাঁদের বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু আর ফেরা হল না।

নিউ মার্কেটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের চার জন রয়েছেন।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তিন বছরের পুত্রসন্তান শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মহম্মদ আকরাম এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত পঞ্চম ব্যক্তি ঢাকার সাভারের বাসিন্দা বাবু আহমেদ।

দেবাশীষ দত্ত কুষ্টিয়া জেলার সংবাদদাতা ছিলেন ‘আজকের পত্রিকা’-য়। পুত্রসন্তান ও শ্বশুরের চিকিৎসার জন্য গত ৩ অগস্ট পরিবার-সহ ভারতে আসেন তিনি। বেঙ্গালুরুতে চিকিৎসা করিয়ে ১৮ অগস্ট কলকাতায় ফেরেন। এখান থেকেই তাঁদের বাংলাদেশে ফেরার কথা ছিল।

দেবাশীষের আত্মীয়, মালদার বাসিন্দা কৃষ্ণ নন্দী ঘটনাচক্রে কলকাতায় ছিলেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিউ মার্কেট থানায় যান এবং পরে কলকাতা পুলিশ মর্গে গিয়ে দেহ শনাক্ত করেন।

About The Author