মুম্বই: দামি ফোন এবং সোনার হার কিনতে নিজেদের এক মাসের সন্তানকে ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি দম্পতি! প্রথম ক্রেতা সেই বাচ্চাটিকে ২ লক্ষ ৭০ হাজারে বিক্রি করেছেন বলে দাবি। গ্রেপ্তার বাবা-মা।
দামি মোবাইল ফোন কিনতে হবে, সঙ্গে সোনার হারও। সেই ইচ্ছা পূরণ করতে নিজেদের এক মাসের সন্তানকেই বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক দম্পতির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সামনে এসেছে মহারাষ্ট্রের সম্ভাজীনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ওই নবজাতককে বিক্রি করে দেয় তার বাবা-মা।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শিশুটিকে প্রথমে এক দালালের মাধ্যমে সীমা রেশওয়াল নামে এক মহিলার কাছে তুলে দেওয়া হয়। পরে একের পর এক হাতবদল হতে থাকে শিশুটি। অভিযোগ, প্রথম ক্রেতা শিশুটিকে ২ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করেন। এরপর নান্দেড় ও হায়দরাবাদ পর্যন্ত পৌঁছে যায় পাচারচক্রের জাল। প্রতিটি ধাপে শিশুটির দাম বাড়তে থাকে।
গোপন সূত্রে খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে শিশুটির বাবা-মাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে উঠে আসে পাচারচক্রের তথ্য। এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশের দাবি, এই চক্রের শিকড় একাধিক রাজ্যে ছড়িয়ে রয়েছে। ধৃতদের জেরা করে গোটা নেটওয়ার্কের সন্ধান করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

