আত্মীয়ের দাহ কাজ সেরে ফেরার পথে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পিসেমশাইয়ের মৃত্যুর পর শ্মশান কাজে মদ্যপান, বাইক নিয়ে বাড়ি ফেরার পথে অঘটন। চা বাগানে মিলল দেহ, পাশেই পড়ে বাইক। জলপাইগুড়ির ঘটনা।

পিসেমশাইয়ের মৃতদেহ সৎকার করে বাড়ি ফিরছিলেন। পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি, সেই ফেরার পথই তাঁর জীবনের শেষ পথ হয়ে উঠবে। সকালে চা-বাগানের ভিতরে একটি বাইক পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। কাছে গিয়ে দেখা যায়, বাইকের অদূরেই পড়ে রয়েছে এক যুবকের নিথর দেহ।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নগর বেরুবাড়ি এলাকার সিঙ্গিমারিতে। মৃত যুবকের নাম মনোজিৎ রায় (২৮)। তাঁর বাড়ি গরালবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাতে আত্মীয়ের শেষকৃত্য সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন মনোজিৎ। স্থানীয়দের দাবি, সে সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ফেরার পথে কোনও এক জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাইক। ধাক্কার জেরে তিনি রাস্তা থেকে ছিটকে পাশের চা-বাগানের মধ্যে গিয়ে পড়েন।

রাতের অন্ধকারে বিষয়টি কারও নজরে আসেনি। বৃহস্পতিবার সকালে এক ব্যক্তি চা-বাগানের মধ্যে বাইকটি দেখতে পেয়ে খোঁজ করতে গিয়ে মনোজিতের দেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত মৃত্যুর আশঙ্কা করা হলেও, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

About The Author