‘বদলা নিতে’ ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা

জলপাইগুড়ি: সীমান্তে নিজের চা বাগানে কাজ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের ‘খপ্পরে’ পড়ল ভারতীয় কৃষক। তাঁকে তুলে নিয়ে যায় স্থানীয় বাংলাদেশিরা, এমনই অভিযোগ এপারের বাসিন্দাদের। ‘অপহৃত’ দীপঙ্কর গোপকে নিয়ে চিন্তায় ঘুম উড়েছে পরিবার ও সীমান্তবাসীর।

শনিবার সকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান ফকিরপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। ভারত-বাংলাদেশ সীমান্তে নিজের জমিতে কাজ করতে গিয়েছিল স্থানীয় বাসিন্দা দীপঙ্কর গোপ। সকাল ১০টায় ফেন্সিং গেট দিয়ে ঢুকে সীমানা ঘেঁষা নিজের চা বাগানে কীটনাশক স্প্রে করছিল দীপঙ্কর। তার কিছুপরই বাংলাদেশিদের কয়েকজন তাঁকে আটক করে।

ওপারের বাসিন্দাদের অভিযোগ, ক’দিন আগে BSF নাকি সেখানকার এক বৃদ্ধ তমিজউদ্দিনকে পাচারকারি হিসেবে আটক করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদে তারা দীপঙ্করকে আটক করেছে। BSF-BGB-র কম্যান্ডারদের মধ্যেকার ফ্ল্যাগ মিটিংয়েও এই সমস্যার সুরাহা হয়নি।

স্থানীয়দের দাবি, দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপারে নিজের চা বাগানে ওষুধ স্প্রে করছিলেন। অভিযোগ, সেই সময় বাংলাদেশের কিছু লোক হঠাৎই তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে, বাংলাদেশি সংবাদমাধ্যমে ওপারের বাসিন্দাদের দাবি, এই ঘটনার আগে এক বাংলাদেশি বৃদ্ধকে পাচারকারী সন্দেহে আটক করেছিল বিএসএফ, সেই ঘটনার প্রতিবাদেই নাকি এদিন তাঁরা দীপঙ্করকে আটক করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ এবং চাউলহাটি বিএসএফ ক্যাম্পের আধিকারিকরা। বিএসএফের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে ফেরত আনার জন্য বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)-এর সঙ্গে যোগাযোগ চলছে।

About The Author