রাজ্যে ফের এনকাউন্টার! এবার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্তের মৃত্যু হল পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালানোর চেষ্টা করে। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় সে। পরে তার মৃত্যু হয়।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। স্থানীয় একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে গিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন পাওয়ার পর অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যায় সে। এরপর আর বাড়ি ফেরেনি।
পরদিন সকালে এলাকার এক বাসিন্দার বাড়ির সামনে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় ছাত্রীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে সন্দেহ। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলাকালীন ঘটনার পুনর্নির্মাণের সময়ে সে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালানোর চেষ্টা করে বলে দাবি তদন্তকারীদের। এরপর পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। পুরো ঘটনার তদন্ত এবং এনকাউন্টারের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

