‘হৃতিকের মতো দেখতে, তাই হয়ত’, কঙ্গনাকে রসিক কটাক্ষ সিজেপি মুখপাত্র সৌরভের

বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতের ধারালো আক্রমণের মুখে এবার নিখাদ রসিকতার অস্ত্র বেছে নিলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। সম্প্রতি কঙ্গনা তাঁকে জনসমক্ষে ‘অকর্মণ্য’ এবং ‘বেকার’ বলে দাগিয়ে দেওয়ার পর এক সাক্ষাৎকারে সৌরভ তীব্র কটাক্ষ ছুড়ে দেন।

কঙ্গনা কেন আচমকা তাঁর ওপর চড়াও হলেন? এই প্রশ্নের উত্তরে সৌরভ হেসে বলেন, “বন্ধুরা সবাই মেসেজ করে জিজ্ঞেস করছিল, উনি হঠাৎ আমার পেছনে এভাবে উঠে পড়ে লাগলেন কেন? তাদেরই একজন বলল, আমাকে নাকি একটু কম বয়সের হৃতিক রোশনের মতো দেখতে, তাই বোধহয়! খবরটা শুনে আমি নিজেই বেশ অবাক হয়েছি।”

তিনি আরও যোগ করেন, “তবে উনি কেন আমার মতো একজনকে আক্রমণ করতে গেলেন, তা সত্যিই বুঝতে পারছি না।”

বিজেপি সাংসদ অভিনেত্রী কঙ্গনার মতে, দেশকে দেওয়ার মতো কোনও ইতিবাচক অবদান এই প্রজন্মের অনেকের নেই। এই তরুণ প্রজন্মকে তিনি ‘নর্দমা প্রজন্ম’ বা ‘জেনারেশন গটার’ বলেই গণ্য করেন। তাঁর কথায়, এই প্রজন্মের অনেকেই নেশা, উদ্দাম যৌনতায় সময় কাটায়। অনেকেই ঘরের কাজকর্ম পারেন না।

কঙ্গনা এর আগে আন্দোলন প্রসঙ্গে লিখেছিলেন, “এরা নিজেদের আরশোলা বলে, আচরণও আরশোলার মতোই। দেখেই বমি উদ্রেক হয়।” তাঁর দাবি, আন্দোলনকারীদের ভাষা ও অঙ্গভঙ্গি অত্যন্ত কুরুচিকর এবং তা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে কলঙ্কিত করছে। তিনি আরও বলেন, “আমি জীবনে একসঙ্গে এত কুৎসিত দৃশ্য আর কোথাও দেখিনি। এই ধরনের দৃশ্য দেখা মানসিক শান্তি নষ্ট করে। তাই এখন আমার ডিজিটাল ডিটক্স প্রয়োজন।”

কঙ্গনা রানাউতের আক্রমণের জবাবে রসিকতার ভঙ্গিতে পাল্টা দিলেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস। বললেন, তাঁকে নাকি হৃতিক রোশনের মতো দেখতে, তাই হয়তো কঙ্গনা তাঁর পেছনে লেগেছেন।

About The Author