কলকাতা: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পৌঁছে যায় CID-র দল। সই-কাণ্ডের তদন্তের সূত্র ধরেই এই অভিযান। শুরুতে প্রবল বাদানুবাদ হয়, কার্যালয়ের দায়িত্বে থাকা তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী সিআইডি-কে ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করেন। তিনি জানান, মমতা ও অভিষেক দিল্লিতে রয়েছেন, তাঁদের অনুপস্থিতিতে তিনি অনুমতি দিতে পারবেন না।
সিআইডি-র দল বারবার জানায়, তারা আইন মেনে তল্লাশি করতে এসেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পাঠানো নোটিসও দেখায়। প্রায় ঘণ্টাখানেক বাদানুবাদের পর বিকেল চারটার কিছু পরে অবশেষে সিআইডি দল কার্যালয়ে প্রবেশ করে। একইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসেও সিআইডি পৌঁছয়। মহিলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীও অভিযানে ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

