গরু জবাই ইদের ধর্মীয় অংশ নয়: কলকাতা হাইকোর্ট

গরু জবাই ইদের অংশ নয়! রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বহাল রেখে প্রকাশ্যে পশুজবাই নিষিদ্ধের নির্দেশ দিল আদালত।

কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানাল, গরু জবাই ইদের ধর্মীয় অংশ নয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ জানায়, রাজ্য সরকারের ১৩ মে জারি করা পশুজবাই সংক্রান্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে। অর্থাৎ, কোনও পশু জবাই করতে হলে আগে ‘ফিটনেস শংসাপত্র’ নিতে হবে এবং প্রকাশ্যে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

আদালত সুপ্রিম কোর্টের পুরনো রায় উল্লেখ করে জানায়, গরু জবাই ইদ-উজ-জোহার ধর্মীয় প্রয়োজনীয়তার অংশ নয়। ফলে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ষাঁড়, বলদ, গরু, বাছুর, মহিষ—সব ক্ষেত্রেই শংসাপত্র ছাড়া জবাই করা যাবে না।

জনস্বার্থ মামলাকারীদের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ গরু জবাই বন্ধের দাবি তুলেছেন, আবার কেউ ইদের কোরবানির জন্য স্পষ্ট নির্দেশিকা ও অনুমোদিত জবাইখানার তালিকা প্রকাশের আবেদন করেছেন। আদালত রাজ্যকে শংসাপত্র ব্যবস্থা ও পরিকাঠামো পর্যালোচনার নির্দেশ দিয়েছে।

এই রায়ের ফলে বকরি ইদের আগে গরু জবাই নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও আদালতের বার্তা স্পষ্ট—আইন মেনে চলতে হবে, ধর্মীয় আচার পালনের নামে বেআইনি পশুজবাই চলবে না।

About The Author