নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১৩ জনের মৃত্যুর খবর। বিহারের বৈশালী জেলার রাঘোপুরের ঘটনায় ইতিমধ্যে ৪ লক্ষ এবং ২ লক্ষ টাকা অর্থ সাহায্য ঘোষণা বিহারের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মোদীর।
নৌকায় ছিলেন ১৫ থেকে ২০ জন যাত্রী, ফিরল না ১৩ জন। নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার পথে গঙ্গার মাঝনদীতে নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। মৃতদের অধিকাংশই শিশু ও নাবালক বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে বিহারের বৈশালী জেলার রাঘোপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একটি নিমন্ত্রণ রক্ষার উদ্দেশ্যে নৌকায় করে গঙ্গা পার হচ্ছিলেন যাত্রীরা। রাত সাড়ে ৮টা নাগাদ মাঝগঙ্গায় আচমকাই নৌকাটি উল্টে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দল। রাতভর চলে উদ্ধার অভিযান। নিখোঁজদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে নদীতে। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকাজে প্রশাসনকে সহযোগিতা করছেন।
পুলিশ এখনও পর্যন্ত যে ন’জনের পরিচয় নিশ্চিত করেছে, তারা সকলেই নাবালক-নাবালিকা। মৃতদের মধ্যে রয়েছে পিঙ্কি কুমারী, অঙ্কিতা কুমারী, সুনীতা কুমারী, আরিয়ান কুমার, আলিশা কুমারী, শিকি কুমারী, ভোনু কুমারী, মীরা কুমারী এবং নমন কুমার। সকলেরই বাড়ি রামপুর শ্যামচাঁদ গ্রামে।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নৌকাটি কেন ডুবল, অতিরিক্ত যাত্রী ছিল কি না এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।

