হাইকোর্টের কড়া নির্দেশ ছিল, ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত আত্মসমর্পণ করলেন না রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মণ।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। সেই সময়সীমা পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ মেলেনি বলে সূত্রের খবর।
এদিকে, কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত প্রশান্ত বর্মণ দীর্ঘদিন ধরেই পলাতক। এর আগেও একাধিকবার তাঁকে খুঁজে পেতে তদন্তকারী সংস্থাগুলি ব্যর্থ হয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছিল, আত্মসমর্পণ না করলে বেতন বন্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত-সহ কড়া আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হতে পারে। হাই কোর্টের এই কঠোর অবস্থানের বিরুদ্ধে এবার সরাসরি সুপ্রিম কোর্টে মামলা প্রশান্ত বর্মণের।

