বিকাশরঞ্জনের বাড়িতে হামলার অভিযোগ, ‘হিন্দুত্ববাদী গুন্ডা’দের দায়ী করলেন প্রবীণ আইনজীবী

প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য। তাঁর দাবি, ভোরে তাঁর পূর্ব যাদবপুর এলাকার বাড়িতে এসে একদল দুষ্কৃতী মদের বোতল ছুড়ে জানলার কাচ ভাঙচুর করে। এই ঘটনার জন্য তিনি সরাসরি ‘হিন্দুত্ববাদী গুন্ডা’দের দায়ী করেছেন।

বিকাশরঞ্জনের অভিযোগ, ভোর প্রায় ৫টা নাগাদ এক ব্যক্তি মুখ ঢেকে এসে তাঁর বাড়ির জানলা লক্ষ্য করে একের পর এক কাচের বোতল ছুড়ে মারেন। তাঁর দাবি, হামলার সময় তাঁকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকিও দেওয়া হয়। ঘটনায় তাঁর বাড়ির গৃহসহায়িকা অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলেও জানান তিনি।

আনন্দবাজারে দেওয়া আইনজীবীর বক্তব্য, “হিন্দুত্ববাদীরাই এসব করেছে। যাঁরা গরিব মানুষের হয়ে লড়াই করেন, তাঁদের ভয় দেখানোর চেষ্টা চলছে।”

ঘটনার পর পুলিশ তাঁর বাড়িতে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হামলাকারীদের পরিচয় বা তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে পুলিশি তদন্তে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত সামনে আসেনি।

এদিকে আইনজীবী মহলের একাংশ এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাঁদের দাবি, আইনজীবীদের উপর ধারাবাহিক হামলার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

About The Author