১৩ বছরের এক নাবালিকাকে মুদি দোকানে ডেকে পরপর যৌন হেনস্তার অভিযোগ। গর্ভবতী হতেই প্রকাশ্যে আসে ঘটনা। জানাজানি হতেই গ্রেপ্তার। রবিবার অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটহাট এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, দুই ব্যক্তি নাবালিকাকে ব্ল্যাকমেল করে একটি দোকানে ডেকে নিয়ে যেত এবং সেখানে যৌন হেনস্তা করত। সেই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা গর্ভবতী হয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর এলাকাবাসীরা প্রতিবাদে সরব হন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
রবিবার তদন্তের স্বার্থে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। সেই সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের একাংশ রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার বয়ান, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মামলাটি শিশু সুরক্ষা সংক্রান্ত আইনের আওতায় তদন্ত করা হচ্ছে।

