ভাইকে বেঁধে রেখে মাকে খুনের অভিযোগ! মাটিগাড়ায় গ্রেপ্তার ১৮ বছরের যুবক

শিলিগুড়ি: নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেই বাকযুদ্ধ! ছোট ভাইয়ের হাত-পা বেঁধে তারপর মায়ের ওপর অত্যাচার, শেষে মর্মান্তিক পরিণতি। ধৃত ১৮-র যুবক।

ছোট ভাইয়ের হাত-পা বেঁধে রেখে মায়ের গলা টিপে খুন করার অভিযোগ উঠল ১৮ বছরের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম করণ ভুঁইয়া। অভিযোগ, শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে মা সীতা ভুঁইয়ার বচসা শুরু হয়। সেই বচসা ক্রমশ তীব্র আকার নেয়। অভিযোগ, এক সময় করণ প্রথমে নিজের ছোট ভাইয়ের হাত-পা বেঁধে দেয়। এরপর মায়ের গলা টিপে তাঁকে খুন করে।

এদিকে ছোট ভাই নাকি কোনওরকমে নিজেকে মুক্ত করে প্রতিবেশীদের খবর দেয়। এলাকায় হইচই পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্ত করণ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার নেপথ্যে শুধু পারিবারিক অশান্তি, নেশা, নাকি আরও কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, বলাই বাহুল্য।

About The Author