দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী বিমানে আচমকাই অঘটন! পাশে বসে থাকা কোপাইলট হামলা চালায় পাইলট-এর ওপর। কয়েক সেকেন্ডেই নেমে যায় ১৪ হাজার ফুট নিচে।
রক্তাক্ত অবস্থায় কোনওমতে বিমান সামলে ১৮০ যাত্রী নিয়েই নিরাপদে অবতরণ করে বিমানটি।
জানা গিয়েছে, বিমানের ক্যাপ্টেন ছিলেন গুজরাতের বাসিন্দা ভারতীয় পাইলট স্মিত মছার। উড়ানের মাঝপথে তাঁরই কো-পাইলট বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং ছুরি দিয়ে হামলা চালায়।
ইজরায়েল সরকারের দাবি, অভিযুক্ত কো-পাইলট বিমানটি ভেঙে ফেলার চেষ্টা করছিল। সেই সময় ছুরির আঘাতে আহত হন স্মিত। শরীর থেকে রক্তক্ষরণ হলেও তিনি কোনওভাবেই বিমানের নিয়ন্ত্রণ ছাড়েননি। ককপিটের ভিতরে দুই পাইলটের মধ্যে ধস্তাধস্তি দেখে কয়েকজন যাত্রী ও এক ক্রু সদস্য এগিয়ে এসে অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে দুবাই থেকে তেল আভিভগামী FZ1073 বিমানের রুট বদলে দেওয়া হয়। পরে বিমানটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে নামানো হয়। অবতরণের পর কো-পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের দাবি, অভিযুক্ত ওমানের নাগরিক।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অসাধারণ সাহস ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে শতাধিক যাত্রীর প্রাণ রক্ষা করায় এখন প্রশংসায় ভাসছেন ভারতীয় পাইলট স্মিত মছার।

