সহকর্মীর এলোপাথাড়ি গুলি! জম্মু-কাশ্মীরে মৃত ৪ জওয়ান

ক্যাম্পে রক্তগঙ্গা! এক আধিকারিক-সহ চার জনের মৃত্যু। সহকর্মীদের উপর এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে।

সামান্য বচসার জেরে ভয়াবহ রূপ নিল পরিস্থিতি। সহকর্মীদের উপর এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় এক আধিকারিক-সহ চার জনের মৃত্যু হয়েছে।

জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার বাসোহলি এলাকার মাশকা গ্রামে অবস্থিত সেওয়া জলবিদ্যুৎ প্রকল্পে শুক্রবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটে। প্রাথমিক সূত্রের দাবি, ইউনিটের মধ্যে বাকবিতণ্ডার পর হেড কনস্টেবল অবদেশ কুমার সিং নিজের ইস্যু করা AK-47 রাইফেল নিয়ে অফিস চত্বরে ঢুকে গুলি চালাতে শুরু করেন।

ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার। অভিযুক্তের কাছে তখন প্রায় ১৫০ রাউন্ড গুলি ছিল বলে জানা গিয়েছে।

ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাঁর ব্যবহৃত অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে এই প্রাণঘাতী হামলা, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

About The Author