কেউ ২.৫ লক্ষ, তো কেউ ১৩ লক্ষ … বাংলার ইনফ্লুয়েন্সাররা বিজেপির থেকে টাকা নিয়ে ন্যারাটিভ তৈরি করেছে? চাঞ্চল্যকর পরিসংখ্যান বেরোতেই হইচই।
রাজনৈতিক মহলে ইনফ্লুয়েন্সার ও ইউটিউবারদের ভূমিকা নিয়ে বিতর্কের আবহে মুখ খুললেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কিরণ দত্ত। সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে কখনও ভিডিও তৈরি করেননি এবং ভবিষ্যতেও করবেন না।
পোস্টে কিরণ লিখেছেন, “কোনও রাজনৈতিক দলের কাছ থেকে টাকা নিয়ে না কোনওদিন একটাও ভিডিও বানিয়েছি, না ভবিষ্যতেও কোনওদিন বানাবো। ফার্স্টবয়কে এটুকু বিশ্বাস করতেই পারেন।”
নিজের শিকড়ের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, “আমি ভাই নদিয়ার একটা ছোট জায়গার ছেলে। সেই ছেলেকে তোমরা যেই জায়গা দিয়েছ, যেভাবে আমার খারাপ দিনে পাশে থেকেছ, আমি চাইলেও তোমাদের সঙ্গে বেইমানি করতে পারবো না গুরু।”
কিরণের কথায়, জীবনে যা পেয়েছেন তা তাঁর প্রত্যাশার চেয়েও বেশি। তাই কোনও রাজনৈতিক স্বার্থের জন্য দর্শকদের বিশ্বাস ভাঙার প্রশ্নই ওঠে না। তাঁর এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

