স্বপ্ন ছিল বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলুর চূড়ায় জাতীয় পতাকা ওড়ানোর। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত প্রাণ কড়ে নিল বাংলার পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহের। প্রবল তুষারধসে নেপালের মানাসলু পর্বতে মৃত্যু হল তাঁর। দীর্ঘ তল্লাশির পর প্রায় ৭ ফুট পুরু বরফের স্তরের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ।
কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বাসিন্দা ধ্রুবজ্যোতি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। কর্মসূত্রে জার্মানিতে থাকলেও পর্বতারোহণ ছিল তাঁর নেশা। এর আগে একাধিক দুর্গম শৃঙ্গ জয় করার অভিজ্ঞতা ছিল তাঁর। এবার লক্ষ্য ছিল ৮,১৬৩ মিটার উচ্চতার মানাসলু।
অভিযানের শুরু থেকেই প্রতিকূল আবহাওয়া, তুষারঝড় এবং একাধিক তুষারধসের মুখে পড়তে হয় অভিযাত্রীদের। তবুও অভিযান থামাননি ধ্রুবজ্যোতি। জানা গিয়েছে, ক্যাম্প-৩ সংলগ্ন একটি তাঁবুতে ছিলেন তিনি এবং তাঁর শেরপা গাইড ফুরসেম্বা শেরপা। শনিবার রাতে আচমকা নেমে আসা তুষারধসে পুরো তাঁবুটি চাপা পড়ে যায়। এরপরই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে ধ্রুবজ্যোতি ও তাঁর শেরপা গাইডের দেহ উদ্ধার করেন। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার, বন্ধু-বান্ধব এবং পর্বতারোহণ মহল। বাংলার এক স্বপ্নসন্ধানী পর্বতারোহীর জীবন থেমে গেল মানাসলুর বরফঢাকা ঢালেই।
- নেপালের মানাসলু অভিযানে তুষারধসে মৃত্যু হল কৃষ্ণনগরের পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহের।
ক্যাম্প-৩ সংলগ্ন এলাকায় ৭ ফুট বরফের নিচ থেকে উদ্ধার করা হয়েছে তাঁর দেহ।

