‘শাসন করায়’ ছাত্রদের মারে রক্তাক্ত জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক

জলপাইগুড়ি: ছাত্রদের হাতে রক্তাক্ত হেড মাস্টার! নজিরবিহীন ঘটনা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জলপাইগুড়ি জেলা স্কুলে।
জানা যাচ্ছে, শিক্ষক দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ছাত্রদের বিশেষ খাওয়া-দাওয়ার ব্যবস্থা হয়েছিল। সেই নিয়ে ছাত্রদের সঙ্গে শিক্ষকদের মধ্যে কিছু ‘অসন্তোষ’ তৈরি হয়েছিল। অভিযোগ, এই বিশেষ ভোজে বাদ গিয়েছিল দশম শ্রেণীর পড়ুয়ারা। প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ঘটনাক্রমে প্রধান শিক্ষককে লক্ষ্য করে একদল ছাত্র হামলা চালায় বলে অভিযোগ। তাঁর পিছু ধাওয়া করে একদল ছাত্র। এক ছাত্রের ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ওই স্কুলের এক ছাত্রের কথায়, কেউ বলছেন, ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আবার কেউ বলছেন হোঁচট খেয়ে লুটিয়ে পড়েছেন। তবে প্রধান শিক্ষকের পেছনে একদল ছাত্রের পিছু ধাওয়া করার ভিডিও প্রকাশ্যে এসেছে। এদিকে দশম পড়ুয়াদের একাংশের দাবি, তাঁদের প্রতিবাদ জানানো নিয়ে শিক্ষক তাঁদের ওপর মারধর করেছিল। এই ঘটনায় স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ছাত্রদের চোখের সামনে লুটিয়ে পড়েন প্রধান শিক্ষক। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শহরে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

About The Author