বাগেশ্বর বাবার বিরুদ্ধে FIR দায়ের হল শিলিগুড়ি ও ভবানীপুর থানায়। অভিযোগকারীর দাবি, তিনি প্রকাশ্যে বাঙালিদের ‘ভণ্ড’ বলে অপমান করেছেন। কংগ্রেসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বাগেশ্বর বাবার বক্তব্যে বাঙালি সমাজকে হেয় করা হয়েছে। তাঁর মন্তব্যে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কংগ্রেসের দাবি, এই ধরনের উসকানিমূলক ও অপমানজনক মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে।
হাওড়ায় ‘হনুমান কথা’ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাগেশ্বর বাবা দুর্গাপুজোর সময়ে বাঙালির খাদ্যাভ্যাসকে তীব্র আক্রমণ করেন। তাঁর মন্তব্য, “পুজোর সময় যাঁরা মাছ-মাংস খান, তাঁরা আদৌ ধার্মিক নন। তাঁরা পাখণ্ডী।” এ সময় বাঙালির ‘আজেবাজে খাবার খায়’ বলেও কটাক্ষ করেন তিনি।
এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির নেতা দিলীপ ঘোষ ও শমীক ভট্টাচার্য প্রকাশ্যে জানিয়েছেন, বাঙালি যেভাবে এতদিন দুর্গাপুজো পালন করে এসেছে, সেভাবেই এবারও পালন করবে। মাছ-মাংস বা নিরামিষ—যাঁর যা খেতে ইচ্ছে হবে, সেটাই খাবেন।
তবে কংগ্রেস এই ঘটনায় নাছোড় অবস্থান নিয়েছে। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সরাসরি আইনের দ্বারস্থ হয়ে ভবানীপুর থানায় এফআইআর দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, বাংলায় এসে বাগেশ্বর বাবা বাঙালিকে শেখাতে চাইছেন কীভাবে দুর্গাপুজো পালন করতে হবে, যা বাংলা ও বাঙালির সংস্কারের পক্ষে অত্যন্ত অবমাননাকর। এফআইআরে তাঁর ব্যবহৃত শব্দ—‘পাখণ্ডী’, ‘গন্দা গন্দা কুকিং’—বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

