জলপাইগুড়ি: প্রেম ঘটিত ঝামেলা, প্রতিশোধ নিতে দশম শ্রেনীর ছাত্রকে ফাকা জায়গায় ডেকে এনে খুন, দেহের পাশে পড়ে মদের বোতল, তিনটি গ্লাস। জলপাইগুড়ির তিস্তা সেতুর কাছে মহাদেব রায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত রোহিত হোসেন-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের ৩ জন নাবালক। প্রেমঘটিত সম্পর্কের প্রতিশোধ থেকেই খুনের ষড়যন্ত্র বলে দাবি তদন্তকারীদের।
শুক্রবার জলপাইগুড়ির তিস্তা সেতুর সংলগ্ন ফাঁকা মাঠ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পড়ে জানা যায়, ছেলেটির নাম মহাদেব রায়, বাড়ি সেনপাড়া।
তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, প্রেমঘটিত একটি সম্পর্কের ব্যর্থতা এবং প্রতিশোধ থেকেই মহাদেবকে খুনের ষড়যন্ত্র করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে রোহিত হোসেন, ডেঙ্গুয়াঝাড় এলাকার বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে আরও তিনজন নাবালককে আটক করা হয়েছে, যারা আইনের সঙ্গে সংঘাতে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের অনুমান, ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। খুনের সঠিক কারণ এবং ঘটনার সম্পূর্ণ গতিপ্রকৃতি খতিয়ে দেখতে তদন্ত চলছে। এই ঘটনায় জলপাইগুড়ি জুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

