কলকাতা: চোখের চিকিৎসার জন্য তিন সপ্তাহের বিদেশযাত্রায় সুপ্রিম কোর্টের অনুমতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে বিদেশে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই নির্দেশ দেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন করেছিলেন। আদালত জানায়, তিনি তিন সপ্তাহের জন্য বিদেশ যেতে পারবেন এবং এই সময়ে তাঁর যাত্রায় কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। তবে আদালত একাধিক শর্তও জারি করেছে। বিদেশ সফরের সম্পূর্ণ সূচি আদালতকে জানাতে হবে। বিদেশে কোথায় থাকবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার সংক্ষিপ্ত বিবরণও দিতে হবে। সংশ্লিষ্ট চিকিৎসকের তথ্য জমা দিতে হবে। দেশে ফেরার নির্ধারিত তারিখ ও বিমানের বিস্তারিত তথ্য জানাতে হবে। সেই সঙ্গে অভিষেককে তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিতে হবে।

