পালাবদলের পরই মোহভঙ্গ! মমতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়লেন নেতাজির প্রপৌত্র

কলকাতা: পালাবদলের পরই মোহভঙ্গ! মমতাকে চিঠি দিয়ে রাজনীতি ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। কিন্তু মাত্র চার মাসের মধ্যেই তাঁর মোহভঙ্গ। সোমবার তিনি ঘোষণা করলেন, রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন।

বিজেপি ছাড়ার সময় তিনি বলেছিলেন, “বিজেপিতে যোগ দেওয়াটা ঐতিহাসিক ভুল ছিল।” তৃণমূলে যোগ দিয়ে সেই ভুল সংশোধন করেছেন বলে দাবি করেছিলেন। কিন্তু এবার তৃণমূল ছাড়ার কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ না করে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন।

বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দিয়ে বড় চমক দিয়েছিলেন চন্দ্র বসু। তার আগে এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পরই কার্যত কেন্দ্রীয় দলের প্রতি তাঁর মোহভঙ্গ হয়েছিল। নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ হয়েছিলেন তিনি।

এই দলত্যাগে রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন তৈরি হয়েছে। নেতাজির পরিবারের সদস্য হিসেবে চন্দ্র বসুর প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যদিও চন্দ্র জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তৃণমূল ছাড়লেন।

About The Author