এবার বিজেপি নেতাদের ডিম থেরাপি দলেরই একাংশের! কাটমানি ও তৃণমূলের সদস্যদের সঙ্গে ওঠাবসার অভিযোগে ডিম ছোড়া ও মারধরের ঘটনা ঘটল কোচবিহারের শীতলকুচিতে।
ছোট শালবাড়ি এলাকায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব ঘিরে রবিবার তীব্র উত্তেজনা ছড়াল। অভিযোগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বসানো নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপির একাংশ। তাঁদের দাবি, “তৃণমূলের সদস্যদের সঙ্গে নিয়ে চলা যাবে না, কাটমানি খাওয়া যাবে না।”
এই ক্ষোভ থেকেই বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি পবিত্র অধিকারী, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার, মহিলা মোর্চার সভানেত্রী বিউটি বর্মণ ও প্রাক্তন আহ্বায়ক কনক বর্মণকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ ও স্লোগান চলে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। নেতাদের পুলিশ গাড়িতে তোলার সময়ও তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়। কয়েকজন বিজেপি কর্মী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ। বিক্ষোভকারীদের বক্তব্য, এলাকায় কোনও নেতা কাটমানি খেলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না।
তাঁদের দাবি, বিজেপির কিছু নেতা তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সঙ্গে চলতে চাইছেন, যা মেনে নেওয়া যাবে না। বিজেপি বিধায়ক সাবিত্রী বর্মণ বলেন, “পঞ্চায়েতে কাজ করা যাচ্ছে না। তাই আলোচনার জন্য ডাকা হয়েছিল। স্থানীয় স্তরে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই এমন ঘটনা ঘটেছে।”

