প্রায় দু’দশক পর বাংলায় তসলিমা নাসরিন

কলকাতা: ঘড়ির কাটায় ১০ মিনিট বাকি বেলা ১টা! লাল পাড় সাদা শাড়িতে প্রায় ১৮ বছর পর বাংলার মাটিতে পা রাখলেন লেখিকা তসলিমা নাসরিন। বিমানবন্দরে শঙ্খ বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

প্রায় দু’দশক পর কলকাতায় পা রাখলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। শনিবার রবীন্দ্রসদনে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

তিলোত্তমায় পা রেখে হাসিমুখে তসলিমা বলেন, “খুবই ভালো লাগছে।” সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” কয়েক ঘণ্টার মধ্যেই সেই যাত্রা সম্পূর্ণ হয়। শনিবার রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

২০০৭ সালে তাঁর উপন্যাস ‘দ্বিখণ্ডিত’ প্রকাশ ঘিরে কলকাতায় তীব্র অশান্তি তৈরি হয়েছিল। কট্টরপন্থার বিরুদ্ধে তাঁর কলমের আঘাতে সংখ্যালঘু এলাকাগুলিতে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে সেনা নামাতে হয়েছিল। সে সময় রাজ্যের বাম সরকার তাঁর বই নিষিদ্ধ করে এবং তাঁকে কলকাতা ছাড়তে বলা হয়। এবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তসলিমার প্রত্যাবর্তনকে অনেকেই বাংলার সাহিত্য-সংস্কৃতির জন্য এক নতুন আলোকময় অধ্যায় হিসেবে দেখছেন।

About The Author