এবার নীতিন গড়করির পদত্যাগের দাবি! ইথানল-মিশ্রিত পেট্রল নীতি বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করল নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘E20 জনতা পার্টি’।
নিট প্রশ্নফাঁস আন্দোলনে ‘ককরোচ জনতা পার্টি’র সাফল্যের পর এবার সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘E20 জনতা পার্টি’। ইথানল-মিশ্রিত E20 পেট্রলের বিরোধিতাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অনলাইন প্রচার দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই এই পেজের অনুসরণকারীর সংখ্যা ২ লক্ষ ১৮ হাজার ছাড়িয়েছে।
গোষ্ঠীর মূল দাবি, সাধারণ মানুষকে ছাড়মূল্যে ১০০ শতাংশ বিশুদ্ধ বা আনব্লেন্ডেড পেট্রল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির পদত্যাগের দাবিও তুলেছে তারা।
বর্তমানে দেশে যে পেট্রল বিক্রি হয়, তা E20 নামে পরিচিত—অর্থাৎ ২০ শতাংশ ইথানল মিশ্রিত থাকে। কেন্দ্রের দাবি, এটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন জ্বালানি, যা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমায়। তবে বিরোধীদের অভিযোগ, এতে গাড়ির মাইলেজ কমে যায় এবং পুরনো গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে।
সরকার জানিয়েছে, E20 ইঞ্জিনের ক্ষতি করে—এমন কোনও পরীক্ষাগারভিত্তিক প্রমাণ নেই। তবে E10 মানের জন্য তৈরি যানবাহনে সামান্য মাইলেজ কমতে পারে। আনব্লেন্ডেড পেট্রল ফের চালুর কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেছে কেন্দ্র।

