কলকাতা: নিট প্রশ্নফাঁস আন্দোলনের মিছিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকৃত ছবি প্রদর্শনের অভিযোগে বিপাকে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জানানো হয়েছে। একাধিক থানায় এফআইআর দায়ের করে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারের দাবি তুলেছে বিজেপি।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার ধর্মতলায় ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শ্রীলেখা মিত্র একটি কুরুচিকর পোস্টার হাতে নিয়েছিলেন। বিজেপির দাবি, এটি দেশের প্রধানমন্ত্রীকে অবমাননার শামিল।
ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে, ধারা ৩৫২: ইচ্ছাকৃতভাবে কারও ভাবমূর্তি নষ্ট করে দেশের শান্তি বিঘ্নিত করা। ধারা ৩৫৩: প্রকাশ্যে উসকানিমূলক তথ্য প্রদর্শন করে জনরোষ সৃষ্টি। ধারা ৩৫৬: ইচ্ছাকৃত মানহানি।
অভিযুক্ত শ্রীলেখা মিত্র অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “আমি ইচ্ছাকৃতভাবে কোনও ছবি প্রদর্শন করিনি। তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছিল, চোখে রোদচশমা ছিল। পোস্টারটি ছোট ছিল, তাই বুঝতে পারিনি। আসলে তখন আমার চোখে রোদ চশমা ছিল। আর সেই মুহূর্তে পুলিশের লাঠিচার্জও হচ্ছিল। তাই কোনওক্রমে পোস্টারটি তুলেছিলাম। ঘুরিয়েও দেখিনি সেখানে মোদিজির কেমন ছবি রয়েছে। পোস্টারটাও সাইজে বেশ ছোট। তাই ঠিক বুঝে উঠতে পারিনি মোদিজির বিকৃত কোনও ছবি আমার হাতে রয়েছে।’

