শিলিগুড়ি: দিল্লি থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা। শিলিগুড়ি জংশনে রাধিকা এক্সপ্রেস থেকে নামতেই আটক আট বাংলাদেশী নাগরিক।
রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই শিলিগুড়ি জংশন রেল স্টেশন থেকে আট বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল আরপিএফ ও শিলিগুড়ি জিআরপির যৌথ দল।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাধিকাপুর এক্সপ্রেসে করে ওই আটজন শিলিগুড়ি জংশন স্টেশনে পৌঁছায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা দেশের দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল।
পরে বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে হলদিবাড়ি যাওয়ার পরিকল্পনা করে তারা শিলিগুড়ি জংশনে নামে।গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ ও জিআরপির যৌথ দল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।জিজ্ঞাসাবাদের পর বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়।
ধৃতদের মধ্যে মোমিন, সৌরভ রায়, কামাল চন্দ্র রায় ও অভিষেক রায় বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা। অন্যদিকে গোবিন্দ রায়, সঞ্জিত রায়, টিটন চন্দ্র রায় ও জয়ন্ত রায় নীলফামারী জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃত আট বাংলাদেশিকে সোমবার শিলিগুড়ি আদালতে পেশ করবে শিলিগুড়ি জংশন জিআরপি।

