পালাবদলের পর মাত্র ১২০ ঘণ্টায় শেষ হয়ে গেল দীর্ঘ ১৮ মাস আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ। সোমবার ভোর পাঁচটার মধ্যে গার্ডার লঞ্চিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে।
চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে অবশেষে গতি এল। দীর্ঘ ১৮ মাস আইনি জটের কারণে আটকে থাকা কাজ মাত্র ১২০ ঘণ্টায় শেষ করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সোমবার ভোর পাঁচটার মধ্যে গার্ডার লঞ্চিংয়ের কাজ সম্পূর্ণ হয় এবং ট্রাফিক ব্লক তুলে নেওয়া হয়। ফলে ইএম বাইপাসে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে আগেই।
প্রকল্পটি দীর্ঘদিন ধরে আদালতের নির্দেশে আটকে ছিল। কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। শেষ পর্যন্ত শীর্ষ আদালত জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে এবং মামলা তুলে নিতে হবে।
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ায় এখন নিউ গড়িয়া–সেক্টর ফাইভ মেট্রো চালুর সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকায় প্রকল্পে গতি আসছে এবং ভবিষ্যতে মেট্রো পরিষেবা সম্প্রসারণে সুবিধা হবে।

