রাজ্যে সরকারি দপ্তরে ‘ওয়ার্ক ফ্রম হোম’, গাড়ির ব্যবহারেও কাটছাঁট! কী কী নির্দেশ? পড়ুন সবিস্তারে

কলকাতা: রাজ্যের খরচ কমাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করল শিক্ষা দপ্তর। গাড়ির ব্যবহারেও কাটছাঁটের নির্দেশ।

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী, সভা আয়োজনের ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিংকে অগ্রাধিকার দিতে হবে। অপ্রয়োজনীয় ফটোকপি ও প্রিন্টিং এড়াতে হবে এবং সব ফাইল ই-অফিসে প্রসেস করতে হবে। নতুন ফিজিক্যাল ফাইল শুরু করতে হলে হেড অফ অফিসের অনুমোদন অপরিহার্য।

যাতায়াতের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে কার পুলিং চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য নির্দিষ্ট রোস্টার তৈরি করবেন ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিন)। পাশাপাশি সেক্রেটারিয়েট ও ডিরেক্টরেট অফিসে আলো ও লিফট ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে এবং সন্ধ্যা ৭টার পর অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সিনিয়র অফিসারদের জন্য নির্দিষ্ট দিনে বাড়ি থেকে কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ, ‘ওয়ার্ক ফ্রম হোম’ রোস্টার চালু হয়েছে। তবে জরুরি পরিস্থিতিতে অফিসে হাজিরার নির্দেশ দেওয়া যেতে পারে।

এই নির্দেশকে প্রশাসনিক মহল আধুনিক কর্মসংস্কারের অংশ হিসেবে দেখছে। একদিকে ব্যয় সাশ্রয় হবে, অন্যদিকে প্রযুক্তি-নির্ভর কাজের গতি বজায় রেখে জনসেবায় দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

About The Author