কলকাতা: পশ্চিমবঙ্গে আই-প্যাকের কাজ বন্ধ হয়ে যাওয়ার খবরকে সম্পূর্ণ “ভিত্তিহীন” বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে আই-প্যাক কর্তৃপক্ষ কর্মীদের উদ্দেশে একটি ইমেল পাঠায়, যেখানে ২০ দিনের জন্য কাজ স্থগিত রাখার কথা বলা হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল বিবৃতি দিয়ে জানায়, বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই ধরনের দাবি করা হচ্ছে।
তৃণমূলের বক্তব্য অনুযায়ী, আই-প্যাক এখনও দলের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যজুড়ে পরিকল্পনা অনুযায়ী প্রচারের কাজ চলছে। বিবৃতিতে বলা হয়েছে, “অপপ্রচার বা ভীতিপ্রদর্শনের মাধ্যমে পশ্চিমবঙ্গকে দমানো যাবে না। মানুষ গণতান্ত্রিকভাবে জবাব দেবে।”
অন্যদিকে, আই-প্যাকের ইমেলে কর্মীদের ছুটিতে পাঠানোর কথা উল্লেখ করা হলেও, তৃণমূল সূত্রের দাবি—সংস্থার একটি অংশ বাড়ি থেকে বা অন্যভাবে কাজ চালিয়ে যাবে। এই দ্বন্দ্বে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে—ভোটের ঠিক আগে তৃণমূলের অন্যতম পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তা শাসকদলের কৌশলে কী প্রভাব ফেলবে।

