নারী সংরক্ষণ বিল আটকে দেওয়ায় কংগ্রেস-সহ বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী।
শনিবার রাতের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করেন। তাঁর অভিযোগ, বিরোধীরা মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আটকে দিয়ে দেশের নারীদের অধিকার কেড়ে নিয়েছে।
মোদীর বক্তব্যে, বিরোধীরা বিল ব্যর্থ হওয়ার পর হাততালি দিয়েছে, যা তিনি নারীর “আত্মসম্মানের ওপর আঘাত” বলে উল্লেখ করেন। তিনি বলেন, “একজন নারী সবকিছু ভুলে যেতে পারে, কিন্তু অন্যায় কখনও ভুলবে না।”
প্রধানমন্ত্রী সতর্ক করেন, দেশের নারীরা এই অন্যায় মনে রাখবেন এবং বিরোধীদের শাস্তি দেবেন। তিনি দাবি করেন, এই সংশোধনী ছিল নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার এক “পবিত্র প্রচেষ্টা”, যা ২০২৯ সালের লোকসভা নির্বাচনে কার্যকর হওয়ার কথা ছিল।
তাঁর মতে, বিরোধীরা শুধু আজকের নারীদের অপমান করেননি, সংবিধানের প্রতিষ্ঠাতাদের স্বপ্নকেও অসম্মান করেছেন। মোদী আরও বলেন, এই প্রচেষ্টা ছিল ভারতের অগ্রযাত্রায় নারীদের সমান অংশীদার করার জন্য, যাতে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম—সব প্রান্তের কণ্ঠস্বর সংসদে পৌঁছে যায়।

