ইসরায়েল পাকিস্তানকে ‘ভ্যাসাল’ রাষ্ট্রে পরিণত করতে চাইছে এবং ভারতকে সুবিধা করে দেওয়া হচ্ছে। ভারতকে সুবিধা করে দিতেই ইরান আক্রমণ! বড় দাবি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফের।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ ইরান যুদ্ধকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন। তাঁর দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্তমান সংঘাত আসলে বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ, যেখানে পাকিস্তানকে দুর্বল করে একটি “ভ্যাসাল স্টেট” বা অধীন রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা চলছে। আর সেই পরিকল্পনায় ভারতকে সুবিধা করে দেওয়া হচ্ছে।
আসিফ বলেন, পাকিস্তান বর্তমানে তালিবান-নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে “খোলা যুদ্ধ”-এ জড়িয়ে পড়েছে এবং ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে একটি ক্ষুদ্র যুদ্ধও করেছে। ইরান সীমান্তে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চলছে, বিশেষ করে বেলুচিস্তান প্রদেশে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল প্রভাব বিস্তার করতে চাইছে।
একটি পোস্টে আসিফ অভিযোগ করেন, জায়নবাদ, অর্থাৎ ইসরায়েল প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলন; ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকে মুসলিম বিশ্বের প্রতিটি বড় সংঘাতে “সরাসরি বা পরোক্ষভাবে” ভূমিকা রেখেছে। তাঁর দাবি, জায়নবাদী মতাদর্শই মুসলিম বিশ্বের বড় সংঘাতগুলির মূল চালিকা শক্তি।
তিনি আরও বলেন, “বড় বড় বিশ্বশক্তি জায়নবাদের হাতে বন্দি হয়ে পড়েছে। গত কয়েক দশক ধরে জায়নবাদীরা বৈশ্বিক অর্থনীতির গতিপথ নির্ধারণ করছে।” বর্তমান ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাত প্রসঙ্গে আসিফ অভিযোগ করেন, “আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, যদিও তেহরান আলোচনায় রাজি ছিল। এই যুদ্ধ জায়নবাদীদের সাজানো, যার উদ্দেশ্য পাকিস্তানের সীমান্ত পর্যন্ত ইসরায়েলের প্রভাব বাড়ানো।”

