খামেনির মৃত্যুর প্রতিবাদ নিয়ে কটূক্তির অভিযোগ, গ্রেপ্তার ইউটিউবার

বসিরহাট: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হামলায় নিহত হওয়ার পর বাংলায় এক ইউটিউবারের ভিডিও ঘিরে বিতর্ক। ভিডিওতে যুবক প্রশ্ন তুলেছিলেন, “খামেনির মৃত্যুর প্রতিবাদে বাংলার মুসলিমদের একাংশ কেন পথে নেমেছেন?” এছাড়াও একাধিক মন্তব্য করেছিলেন বলে দাবি। তাঁর মন্তব্য নিয়ে স্থানীয়রা বিশেষত মুসলিমরা ‘কু-প্রচার’ ও ‘কটূক্তি’ বলে অভিযোগ করেন।

এর জেরে বসিরহাট থানায় বিক্ষোভ শুরু করেন তারা। ইউটিউবারের নামে অভিযোগও দায়ের হয়। গ্রেপ্তারের দাবিতে উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়ে অভিযুক্ত ইউটিউবার পল্লব মাইতি ওরফে ‘বিষাক্ত ছেলে’-র শাস্তির দাবি জানান। পড়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

বসিরহাটের বিভিন্ন এলাকায় এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ধর্মীয় আবেগে আঘাত করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করা হয়েছিল। অন্যদিকে অভিযুক্তের সমর্থকরা দাবি করেছেন, এটি মতপ্রকাশের স্বাধীনতার অংশ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বুধবার তাঁকে আদালতে হাজির করা হবে।

এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই জাতীয়তাবাদী বলে দাবি করে স্থানীয়দের হিন্দু সমাজের অনেকেই পাল্টা পল্লবের সমর্থনে পথে নামার উদ্যোগ শুরু করেছেন।

About The Author