রাজগঞ্জ: বাঁশ কাটতে গিয়ে হাইভোল্টেজ লাইনের সংস্পর্শে বিস্ফোরণ! লাইনের তার ছিঁড়ে পড়ল বাড়ির ওপর। বিদ্যুৎ দপ্তরের কাজ চলাকালীন ঝলসে আহত ৫ জন। একজনের অবস্থা গুরুতর। পুড়ে গেল একটি ঘর। বেশ কিছু বাড়ির বিদ্যুতের মিটার জ্বলে গেছে, দাবি। রাজগঞ্জের পশ্চিম বালাবাড়ি এলাকার ঘটনা।
জানা গিয়েছে, একটি বাঁশ হাইটেনশন বিদ্যুৎ লাইনের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সমস্যা দেখতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসেন। কাজ চলাকালীন আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বাড়িতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ছিঁড়ে যাওয়া তার একটি বাড়ির উপর ও রাস্তায় পড়ে আগুন ছড়িয়ে দেয়। আগুনের লেলিহান শিখায় এলাকার একটি বাড়ির ঘর আংশিকভাবে পুড়ে যায়। পাশাপাশি একাধিক বাড়ির বিদ্যুতের মিটার, ফ্যান, টেলিভিশন-সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনায় পুরুষ ও মহিলা মিলিয়ে মোট পাঁচজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার, রাজগঞ্জ থানার আইসি, রাজগঞ্জের বিডিও ইনচার্জ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক-সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। ব্লক অফিসের সহযোগিতায় তাদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

