আমেরিকার নিউইয়র্ক সিটির ইতিহাসে নতুন অধ্যায় রচিত হলো। বুধবার শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি।
ম্যানহাটনের ঐতিহাসিক ওল্ড সিটি হল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি কোরান শরিফে হাত রেখে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। পাশে ছিলেন মামদানির স্ত্রী রামা দুয়াজি, যিনি কোরানটি ধরে রাখেন। শপথের পর মামদানি বলেন, “এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং সৌভাগ্যের মুহূর্ত।”
মাত্র ৩৪ বছর বয়সে মেয়র পদে আসীন হয়ে তিনি শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। উগান্ডার কাম্পালায় জন্ম নেওয়া মামদানি সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে আসেন। তাঁর মা খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার এবং বাবা বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ মামদানি।
২০২০ সালে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। এবার মেয়র হিসেবে তাঁর মূল প্রতিশ্রুতি—সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো, বিনামূল্যে শিশু পরিচর্যা, ফ্রি বাস পরিষেবা, ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা এবং শহর পরিচালিত মুদি দোকানের প্রকল্প চালু করা।

