কলকাতা: যুবসাথীর টাকা দিয়ে ব্রিগেডে মোদীর সভায় পৌঁছলেন জলপাইগুড়ির যুবক। নেটমাধ্যমে জোর আলোচনা।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে সকালে কলকাতার ব্রিগেড ময়দানে পৌঁছেছেন জলপাইগুড়ির রাজগঞ্জের যুবক গোপাল দাস। তিনি সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে যুব সাথী প্রকল্পের টাকা হিসেবে দেড় হাজার টাকা ঢুকেছে। সেই টাকা দিয়েই তিনি সভায় আসার খরচ মেটাচ্ছেন।
গোপালের বক্তব্য, “দিদির দেওয়া টাকায় মোদিকে দেখতে যাচ্ছি।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিজেপি সমর্থকদের যুক্তি, এটি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত টাকা নয়, বরং রাজ্যবাসীর জন্য সরকারি প্রকল্পের অর্থ। অন্যদিকে বিরোধী শিবির বলছে, যখন তিনি নিজেই স্বীকার করছেন ‘দিদির টাকা’ পেয়েছেন, তখন মোদীর সভায় যেতে লজ্জা করছে না কেন।
তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলাদলি না করে সবার জন্য প্রকল্পের সুবিধা পৌঁছে দেন। বিজেপি কর্মীরাও সেই সুবিধা পাচ্ছেন। অন্যদিকে বিজেপি সমর্থকরা বলছেন, টাকা পেলেও ভোট দেবেন মোদীকেই।

