মথুরা: গরুপাচার রুখতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু গো-রক্ষক ‘ফরসাওয়ালে বাবা’র। ঘটনায় উত্তেজনা উত্তরপ্রদেশে, মুখ খুললেন যোগী ও অখিলেশ।
শনিবার ভোরে দিল্লি–আগ্রা হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় উত্তরপ্রদেশের স্বঘোষিত গোরক্ষক ‘ফরসাওয়ালে বাবা’ ওরফে চন্দ্রশেখরের। সেই নিয়ে প্রদেশজুড়ে তীব্র উত্তেজনার আবহ তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খবর পান যে একটি ট্রাকে গরু পাচার হচ্ছে। দলবল নিয়ে নজরদারি চালাচ্ছিলেন তিনি। ভোরে কুয়াশার মধ্যে সন্দেহজনক ট্রাক দেখে বাইকে ধাওয়া করেন। এরপরই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয়রা দীর্ঘক্ষণ হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের দাবি, ট্রাকটি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে। চালক পালিয়ে যায়, তবে তিনজন সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকে আসলেই গরু পাচার হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় মুখ খুলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। যোগী আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অখিলেশ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন।

