নয়াদিল্লি: টানা নবমবারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেমিকন্ডাক্টর ও বায়োফার্মায় বড় বিনিয়োগ, হাইস্পিড রেল করিডর, শহুরে পরিকাঠামো উন্নয়ন, দুর্গাপুরে শিল্প করিডর, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ‘মহাত্মা গান্ধি গ্রাম সমাজ’ প্রকল্প চালু এবং উদ্ভাবনের জন্য নতুন প্রতিষ্ঠান তৈরির ঘোষণা শোনা গেল এবারের বাজেটে।
প্রসঙ্গত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট ২০২৬-এ আমদানি শুল্ক ও কর কাঠামোয় পরিবর্তন এনেছেন। এর ফলে সাধারণ ভোক্তা পণ্য যেমন মাইক্রোওয়েভ, টিভি সরঞ্জাম, ক্যামেরা সস্তা হবে। একই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে ক্যান্সারের ওষুধ সস্তা হওয়ার ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, পরিবেশ ও রাজস্ব ঘাটতি সামলাতে কয়লা, স্ক্র্যাপ ও মদ-এর উপর অতিরিক্ত কর চাপানো হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপে একদিকে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ বাড়বে, অন্যদিকে রাজস্ব ঘাটতি কমাতে সাহায্য করবে।
প্রতি বাজেটেই সাধারণ মানুষের জিজ্ঞাসা থাকে, এর ফলে কোন কোন পণ্যের দাম কম হবে আর কি কি মহার্ঘ্য হতে পারে? এবারের বাজেট অনুযায়ী দেওয়া হল সেই তালিকা –
সস্তা হবে
- চামড়ার জিনিসপত্র
- জুতো
- ক্যান্সারের ওষুধ
- বিদেশে ভ্রমণের প্যাকেজ
- বিদেশে পড়াশোনা
- মাইক্রোওয়েভ ওভেন
- টিভি সরঞ্জাম
- ক্যামেরা
- বিদেশি ছবির শুটিংয়ের জন্য আমদানি করা যন্ত্র
- ভিডিও গেম তৈরির যন্ত্রাংশ
- কফি এবং ভেন্ডিং মেশিন
- সিএনজি মিশ্রিত জৈব জ্বালানি
- বিমানের যন্ত্রাংশ
দাম বেশি হবে
- কয়লা
- স্ক্র্যাপ
- মদ
- সিগারেট
বাজেটে কি কি ঘোষণা?
রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট ২০২৬-এ অর্থনৈতিক উন্নয়ন, শিল্প, প্রযুক্তি ও পরিকাঠামোকে কেন্দ্র করে একাধিক বড় ঘোষণা করা হয়েছে।
অর্থমন্ত্রী জানান, ১৬তম অর্থ কমিশনের সুপারিশ মেনে নেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে রাজস্ব ঘাটতি কমিয়ে ৪.৩ শতাংশে আনার লক্ষ্য স্থির করা হয়েছে। একই সঙ্গে সেমিকন্ডাক্টর খাতে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং বায়োফার্মা শক্তি প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে।
উদ্ভাবনকে উৎসাহ দিতে মুম্বইয়ে তৈরি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি, যা অ্যানিমেশন ও গেমিং শিল্পকে এগিয়ে নিয়ে যাবে। পূর্ব ভারতে ডিজাইন সংক্রান্ত বিশেষ প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনাও রয়েছে।
পরিকাঠামো উন্নয়নে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। পাঁচ লক্ষের বেশি জনসংখ্যার শহরগুলির জন্য বিশেষ প্রকল্প নেওয়া হবে। পাশাপাশি দেশে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে দিল্লি-বারাণসী, বারাণসী-শিলিগুড়ি, মুম্বই-পুনে, হায়দ্রাবাদ-বেঙ্গালুরু ও চেন্নাই-বেঙ্গালুরু রুট।
গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ‘মহাত্মা গান্ধি গ্রাম সমাজ’ প্রকল্প চালু করা হয়েছে, যেখানে খাদি ও হাতে তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে জোর দেওয়া হবে। বাজেটে দুর্গাপুরে শিল্প করিডর তৈরির ঘোষণা করা হয়েছে, যা পূর্ব ভারতের শিল্পোন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে, মতামত গেরুয়া শিবিরের।

