দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন তিনি।
তাঁর বক্তব্য, “মোদি একজন দারুণ নেতা। তাঁর সঙ্গে আমার সম্পর্ক সুমধুর এবং তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।” ট্রাম্প আরও ঘোষণা করেন, খুব শিগগিরই ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি হতে চলেছে।
ওয়াকিবহাল মহলের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তি হওয়ার আগেই ট্রাম্প নিজের দেশের সঙ্গে ভারতের চুক্তি সম্পন্ন করতে চাইছেন।
প্রসঙ্গত, কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি বাজার উন্মুক্ত করার শর্তে ভারত রাজি না হওয়ায় এতদিন ধরে চুক্তি আটকে ছিল। মার্কিন কর্পোরেট সংস্থাগুলির চাপ থাকলেও ভারতীয় কৃষকদের স্বার্থে সরকার আপস করতে চায়নি। এর ফলে দুই দেশের মধ্যে শুল্কবাণ ও সম্পর্কের টানাপড়েন তৈরি হয়েছিল। গত বছর ভারতীয় পণ্যে একাধিকবার শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা নিয়ে বিতর্কও হয়।
তবে ট্রাম্পের নতুন বার্তায় আবারও আশার আলো দেখছেন বিশেষজ্ঞরা। তাঁর মতে, ভারত-আমেরিকা সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে এই চুক্তির মাধ্যমে।

