‘যদি তেল উৎপাদন বাড়াতে চাও, তবে চিন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে’, ভেনেজুয়েলাকে জানিয়ে দিল ট্রাম্প সরকার!
ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকারকে কঠোর শর্ত জারি করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্পের টিম স্পষ্ট জানিয়েছে—ভেনেজুয়েলা যদি তেল উৎপাদন ও রপ্তানি বাড়াতে চায়, তবে প্রথমেই চীন, রাশিয়া, ইরান ও কিউবার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
গত সপ্তাহে মার্কিন হামলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। তাঁর সরকারকে ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, তেল খনন ও রপ্তানির অনুমতি মিলবে কেবল তখনই, যখন ভেনেজুয়েলা একমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব করবে এবং ভারী ক্রুড তেল বিক্রিতে আমেরিকাকে অগ্রাধিকার দেবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কারগুলো ইতিমধ্যেই পূর্ণ হয়ে আছে। ফলে দেশটির হাতে বিকল্প নেই। কয়েক সপ্তাহের মধ্যে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়তে পারে কারাকাস। সেনেটের সশস্ত্র পরিষেবা কমিটির চেয়ারম্যান রজার উইকারও বলেছেন, আমেরিকা ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণে নিতে চায়, তবে এর জন্য সেনা মোতায়েনের প্রয়োজন হবে না।
ট্রাম্প আরও দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার ৩ থেকে ৫ কোটি ব্যারেল তেল যুক্তরাষ্ট্রকে বাজারদরে বিক্রি করবে এবং সেই অর্থ তিনি নিয়ন্ত্রণ করবেন, যাতে তা ভেনেজুয়েলা ও আমেরিকার মানুষের কল্যাণে ব্যবহার হয়।

